নূর হোসেনের বাড়িতে অভিযান, মিলল গুলিভর্তি রিভলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি পলাতক নূর হোসেনের বাড়িতে মালামাল করতে ক্রোক করতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন আসবাব, ইলেকট্রনিক্স পণ্যসহ আট রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার নূর হোসেনের বাড়িতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল কাশেম মো. শাহীনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মামলার পলাতক আসামি নূর হোসেনকে গ্রেপ্তারে বাধ্য করতেই এই অভিযান চালানো হচ্ছে।

আবুল কাশেম শাহীন জানান, নূর হোসেনের বাড়িতে সন্ধ্যা ৭টা পর্যন্ত  অভিযানকালে দুটি এলসিডিসহ ৫টি টেলিভিশন, দুটি ফ্রিজ, তিনটি আলমারি, দু সেট সোফা, ১০টি চেয়ার, সেলফ একটি, একটি হরিণের চামড়া, ক্রিকেট খেলার সামগ্রীসহ  বিভিন্ন আসবাবপত্র জব্দ করা হয়েছে। এ সময় আট রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়। অভিযানকালে নূর হোসেনের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এছাড়া ওই বাড়ি থেকে বিরল প্রজাতির দুটি ম্যাকাও পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। এসব পাখি বন্য প্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আবুল কাশেম শাহীন আরও জানান, উদ্ধার হওয়া মালামাল জব্দ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি সংরক্ষণাগারে মালামাল রাখা হবে। ৫ জন সাক্ষীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করে ভেতরে পাঠানো হয়। সব রকম আইন মেনেই এই তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়ার পর এ অভিযান শুরু হয়।