
নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিহতের ঘটনায় আজ রোববার নারায়ণগঞ্জে হরতাল পালন করবে জেলা আইনজীবী সমিতি।
বিএনপি, সিপিবি, বাসদ, ন্যাপ, গণসংহতি আন্দোলন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই হরতালে সমর্থন দিয়েছে। হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় শহরে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে প্যানেল মেয়র নজরুলসহ সাতজনের হত্যার বিচারের দাবিতে আজ রোববার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করবেন সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
ওই অপহরণের ঘটনার এক সপ্তাহ পর প্রধান আসামি নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বাড়িতে গতকাল শনিবার অভিযান চালিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে আটক করা হয়েছে ১২ জনকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান চালায়। এ সময়ে একটি নীল রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-০৫১৭) জব্দ করে পুলিশ। পরে গাড়িটি পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞদের দেওয়া হয়। অভিযানকালে পুলিশ মামলার প্রধান আসামি নূর হোসেনকে আটক করতে পারেনি।
অভিযানের বিষয়ে কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পুলিশ লোক দেখানো অভিযান চালিয়েছে। অপহরণের ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে এই অভিযান চালাতে বলা হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিলে আমার স্বামীসহ অন্যদের জীবিত পাওয়া যেত।’
এ ছাড়া নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকারের ব্যবহূত মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। ফোন ব্যবহারকারীকেও আটক করা হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অপরাধ) গোলাম ফারুক ও জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় নূর হোসেনের বাড়িতে পুলিশের অভিযান এবং কয়েকজনকে গ্রেপ্তার করার কথা বলা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানতে চাইলে গোলাম ফারুক বলেন, তদন্তের স্বার্থে এখনই নাম বলা হচ্ছে না। কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম মামলায় যাঁদের নাম দিয়েছেন, তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘তাঁরা কেউ গ্রেপ্তার হননি। তবে তাঁদের সহযোগীরা গ্রেপ্তার হয়েছেন।’ মূল আসামি নূর হোসেন বিদেশে পালিয়ে গেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তেমনটি মনে করি না। তিনি দেশেই আছেন।’
ঘটনার সাত দিন পরে নূর হোসেনের বাড়িতে কেন অভিযান—জানতে চাইলে জেলা পুলিশ সুপার বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, কিছু লোক নূর হোসেনের বাড়িতে গোপন বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে নূর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়েছে।’
শীতলক্ষ্যা নদী থেকে শনিবার আরেকটি লাশ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘নানা কারণে খুন হয়। আমরা বিষয়টি দেখছি।’ সংবাদ সম্মেলনের একপর্যায়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে একের পর এক অপহরণ ঘটলেও খুব শিগগির নারায়ণগঞ্জবাসীকে স্বস্তি দেওয়া হবে। অপরাধীরা সবাই ধরা পড়বে।’
হরতালের সমর্থনে মিছিল: রোববারের হরতালের সমর্থনে গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা বিএমএর সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাত দিন অতিবাহিত হলেও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচিত হয়নি। এটি সরকার-পুলিশ-প্রশাসন—সবার ব্যর্থতা। নারায়ণগঞ্জের মানুষ হতাশ, ক্ষুব্ধ ও আতঙ্কিত। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৪৮ ঘণ্টার কর্মবিরতি: নজরুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র। সাতজনকে হত্যার প্রতিবাদ এবং রহস্য উন্মোচনের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা আজ থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিলেও করপোরেশনের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ এর আওতার বাইরে থাকবে।
সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান বলেন, ‘সাত দিনেও খুনিরা ধরা না পড়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ। সিটি করপোরেশনের ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ২২ জন একত্র হয়ে রোববার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’
চন্দন সরকারের বাড়িতে: গতকাল দুপুরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল সিদ্ধিরগঞ্জ জালকুঁড়ি বৃষ্টিধারা এলাকায় নিহত আইনজীবী চন্দন সরকারের বাড়িতে যায়। তারা চন্দন সরকারের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং এই নৃশংস হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার তীব্র সমালোচনা করে। প্রতিনিধিদলে ছিলেন সুব্রত চৌধুরী, শফিকুর রহমান, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান, আওলাদ হোসেন, জিয়াউল ইসলাম প্রমুখ।
এ ছাড়া, একই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সমাবেশ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘সবাই জানে কারা ঘটনা ঘটায়, শুধু সরকার জানে না। বিরোধী দলই যদি সবকিছু করে থাকে, তবে তদন্তের কী দরকার?’