নূর হোসেনের বিরুদ্ধে আজও অভিযোগ গঠন হয়নি
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে আজ সোমবার দ্বিতীয় দফায় অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। তবে আজও তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। পশ্চিমবঙ্গের বারাসাতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগ গঠনের কথা ছিল।
তবে নূর হোসেন আর তাঁর দুই সহযোগী খান সুমন ও ওহিদুর জামানকে আজ অভিযোগ গঠনের শুনানির জন্য কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাতের ওই আদালতে নেওয়া হয়েছিল।
নূর হোসেনের সঙ্গী খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ প্রথম আলোকে জানান, আজ বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় ছুটিতে থাকায় অভিযোগ গঠন হয়নি। অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।
অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ১৮ আগস্ট বিদেশি আইনের ধারায় নূর হোসেন ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে বাগুইহাটি থানার পুলিশ। এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল। তবে ওইদিন নূর হোসেন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত না হলে অভিযোগ গঠন হয়নি। দ্বিতীয় দফায় তারিখ ধার্য থাকলেও আজও নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন হল না।
গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তার দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।
এদিকে গত ১৮ আগস্ট বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে নূর হোসেনের সঙ্গী খান সুমনের জামিন হওয়া সত্ত্বেও এখনও তিনি কারাগার থেকে মুক্তি পাননি। এ ব্যাপারে তাঁর আইনজীবী অনুপ ঘোষ জানান, জামিনের কিছু কাগজপত্র এখনও আদালতে জমা দিতে না পারায় খান সুমনকে কারাগার থেকে বের করা যায়নি।
অন্যদিকে বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে আরেক সঙ্গী ওহিদুর জামানের জামিনের আবেদনের শুনানির তারিখ রয়েছে আগামীকাল মঙ্গলবার।