নূর হোসেনের বিরুদ্ধে আজও অভিযোগ গঠন হয়নি

বাংলাদেশের নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলার তারিখ নির্ধারিত ছিল।
নূর হোসেন ও তাঁর সহযোগী ওহিদুর জামানকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে আজ দুপুরে আদালতে আনা হয়। প্রিজন ভ্যান আদালতের গেটে এলে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, কলকাতায় বর্ধমান বিস্ফোরণ–কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলকাতায় ধৃত জেএমবির সক্রিয় সদস্য সাজিদ কি আপনার বন্ধু? প্রশ্ন শুনে ক্ষেপে যান নূর হোসেন। উত্তর দেন ‘আপনার বাবার বন্ধু।’ পরে নূর হোসেন আদালতের লকআপে ঢোকার মুখে বলেন, ‘ক্যামেরা ভেঙে দেব’।
গত ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন ও তাঁর দুই সহযোগী খান সুমন ও ওহিদুর জামান শামীমের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগ এনে চার্জশিট বা অভিযোগপত্র দায়ের করে।
অভিযোগপত্র দায়ের করার পর আদালত গত ১ , ১৫ ও ২৯ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর ও সর্বশেষ আজ অভিযোগ গঠনের জন্য পাঁচ দফায় তারিখ নির্ধারণ করলেও অভিযোগ গঠন হয়নি।
গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী ।
তবে গ্রেপ্তারের প্রায় পাঁচ মাস পরও নূর হোসেনের পক্ষে আদালতে জামিনের চাওয়া হয়নি। খান সুমন ও ওহিদুর জামানের পক্ষে জামিন চাওয়া হয়। খান সুমন বারাসাতের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও ওহিদুর জামানের জামিন এখনো মঞ্জুর হয়নি।