নূর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন এবং তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানের বিরুদ্ধে ভারতের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে করা মামলায় এই অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১৮ আগস্ট অভিযোগপত্র দিয়েছিল পুলিশ।
বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায়ের আদালতে গতকাল শুক্রবার ওই অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে নূর হোসেনকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত ওই তিনজনকে অভিযোগপত্র-সংক্রান্ত নোটিশও দেন। এ ছাড়া আগামী সোমবার (১ সেপ্টেম্বর) আদালতে ফের তাঁদের হাজির করার আদেশ দেওয়া হয়েছে। ওই দিন মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হবে।
এদিকে গতকাল আদালতের লকআপে ঢোকার মুখে সাংবাদিকেরা নূর হোসেনকে জানান, বাংলাদেশে তাঁর ঘনিষ্ঠ নেতারা সাত খুনের সঙ্গে তাঁর জড়িত থাকার কথা বলেছেন এবং তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে এর কোনো জবাব দেননি তিনি। মুচকি হেসে দুই সঙ্গীসহ সোজা লকআপে ঢুকে যান।
১৩ দিনের জেল হেফাজত শেষে গতকাল নূর হোসেন ও তাঁর ওই দুই সঙ্গীকে গতকাল আদালতে হাজির করা হয়। ইতিমধ্যে খান সুমন ও ওহিদুর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে জামিনের আবেদন করে ব্যর্থ হলে তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে ওই আবেদন করেছিলেন।