নূর হোসেনের বিরুদ্ধে কাল অভিযোগ গঠন হতে পারে

ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের একটি আদালতে বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে আগামীকাল সোমবার অভিযোগ গঠন হতে পারে। বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে আগামীকাল অভিযোগ গঠনের তারিখ ধার্য রয়েছে।
এর আগে ১ সেপ্টেম্বর নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল। তবে অসুস্থতার কারণে নূর হোসেন আদালতে হাজির হতে না পারায় ওই দিন অভিযোগ গঠন হয়নি।
ভারতে বেআইনি অনুপ্রবেশের দায়ে গত ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন এবং তাঁর দুই সহযোগী খান সুমন ও ওহিদুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে।
নূর হোসেন ও অন্য দুজন কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে আছেন। আগামীকাল অভিযোগ গঠনের শুনানির জন্য তাঁদের সেখান থেকে বারাসাতে নেওয়া হবে।
এদিকে ১৮ আগস্ট বারাসাতের জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেনের সঙ্গী খান সুমনের জামিন মঞ্জুর করলেও এখনো তিনি কারাগার থেকে মুক্তি পাননি। এ ব্যাপারে আজ খান সুমনের আইনজীবী অনুপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, জামিনের কিছু কাগজপত্র এখনো আদালতে জমা দিতে না পারায় খান সুমনকে কারাগার থেকে বের করা যায়নি।
গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।