নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র মামলায় আজ বুধবার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।
আজ বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার এ সাক্ষ্য গ্রহণ করেন। এরপর তিনি ৩ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন এবং নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. সালাহ উদ্দিন জানান, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ছয়টি মামলায় আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এর মধ্যে অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলায় আজ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অন্য মামলাগুলোর জন্য ৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
২০১৪ সালের ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনের লাশ উদ্ধারের পর নূর হোসেন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। এরপর পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও ৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে পুলিশ ২ হাজার ৯০০ বোতল ফেনসিডিল ও কয়েক বোতল মদ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নূর হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা করে।