নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার
নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর পাঁচজন সহযোগীর বিরুদ্ধে করা একটি চাঁদাবাজির মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন এর আমলি আদালতে (ক অঞ্চল) গতকাল সোমবার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা প্রত্যাহার হয়।
আদালতের আদেশে বলা হয়, ‘মামলা প্রত্যাহারের অনুমতি প্রদান করা হলো। আসামিদের খালাস প্রদান করা হলো। ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ২৪৮ ধারা অনুযায়ী মামলাটি নিষ্পত্তি করা হলো।... অত্র আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেল সুপার, নারায়ণগঞ্জ বরাবর প্রেরণ করা হোক।’
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান মামলা প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত মামলা প্রত্যাহারের জন্য করা বাদীর আবেদন মঞ্জুর করেছেন। বাদী ও আসামি পক্ষের মধ্যে সামাজিকভাবে আপস-মীমাংসা হয়েছে বলে আদালতের আবেদনে উল্লেখ করেছেন।
২০১৪ সালের ২৯ জুন মুরাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে বিচারিক হাকিম আদালতে নূর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। আদালত অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন। পুলিশের প্রতিবেদন পাওয়ার পর আদালত আসামি নূর হোসেন, আবদুল হাই মেম্বার, রুহুল আমিন, ছানাউল্লাহ ছানা, আলী আহাম্মদ ও মো. শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিদের মধ্যে আবদুল হাই ২০১৪ সালের ১৪ আগস্ট এবং রুহুল আমিন একই বছরের ১১ সেপ্টেম্বর আদালত থেকে জামিন নেন। নূর হোসেন ও আলী আহাম্মদ কারাগারে। শাহজাহান ও ছানাউল্লাহ ছানা পলাতক।