নূর হোসেনের বিরুদ্ধে দুদকের নোটিশ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কাশিমপুর কারা কর্তৃপক্ষের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও সম্পদ বিবরণীর নোটিশ নারায়ণগঞ্জের শিমরাইলে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে কমিশন সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেয়। এর পরপরই নোটিশ দুটি পাঠিয়ে দেওয়া হয়।
দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাঁদের সম্পদের বিবরণী দুদক সচিব বরাবর পাঠাতে হবে। তা না হলে দুদক আইনের ২৬ (২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কারাগারে থাকায় নূর হোসেন তাঁর আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমে সম্পদ বিবরণী জমা দিতে পারবেন বলে দুদকের একটি সূত্র জানিয়েছে।
সূত্রমতে, প্রাথমিক অনুসন্ধানে তাঁর নামে-বেনামে প্রায় ৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পায় সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতে দুদকের অনুসন্ধান কর্মকর্তা মামলার সুপারিশ করে কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমা দেন। কিন্তু কমিশন মামলার অনুমতি দেয়নি। দুদকের উচ্চপর্যায়ের সূত্রটি জানিয়েছে, নূর হোসেনকে কোনো ধরনের সম্পদ বিবরণী নোটিশ দেওয়া কিংবা জিজ্ঞাসাবাদ করতে না পারায় মামলার অনুমতি দেওয়া হয়নি।
চলতি মাসের ১২ তারিখ নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর তাঁর সম্পদের তথ্য জানতে সম্পদ বিবরণীর নোটিশ জারি এবং জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে দুদকে আলোচনা শুরু হয়। দুদক কর্মকর্তাদের মতে, সম্পদ বিবরণী নোটিশ জারি এবং জিজ্ঞাসাবাদে আইনগত কোনো বাধা নেই। তাই অনুসন্ধান কর্মকর্তা সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমতি চেয়ে কমিশনে আবেদন করেছেন। অনুমতি পেলে দু-এক দিনের মধ্যে নোটিশ জারি করা হবে বলে সূত্রটি জানায়।
দুদক সূত্র জানিয়েছে, নূর হোসেনের সম্পদ অনুসন্ধান করতে গিয়ে তাঁর প্রায় ৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়ে নিশ্চিত হয়েছে সংস্থাটি। নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে আরও সম্পদের খোঁজ পাওয়া যেতে পারে বলে তাদের ধারণা। আয়কর নথি অনুসারে নূর হোসেনের সম্পদের পরিমাণ ১ কোটি ৭ লাখ টাকা।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার পরে ভারতে পালিয়ে যান নূর হোসেন। ওই বছরের ১৪ জুন কলকাতার বাগুইআটিতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অবস্থানের মামলা হয়। গত মাসে ভারত সরকার সেই মামলা প্রত্যাহার করে নিলে নূর হোসেনের দেশে ফেরার পথ সুগম হয়। সে ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর বেনাপোল সীমান্ত দিয়ে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়।