নূর হোসেনের বিরুদ্ধে ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া অস্ত্র ও চাঁদাবাজির তিনটি মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গতকাল রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় এবং বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক কামরুন নাহারের আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

আদালতে গতকাল সকালে যে তিন মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়, সেগুলোর মধ্যে দুটি চাঁদাবাজির আর একটি অস্ত্র আইনে দায়ের করা। এর মধ্যে অস্ত্র মামলায় নূর হোসেনের পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে জসিম উদ্দিন নামে এক সাক্ষীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই তিন মামলায় গতকালের কার্যক্রম শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী ৪ এপ্রিল ধার্য করা হয়।

এই তিন মামলার অন্য আসামিরা হলেন নূর হোসেনের ছোট ভাই নুরুউদ্দিন, ভাতিজা শাহজালাল এবং সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আলী মোহাম্মদ ও মুর্তজা জামান। এর মধ্যে মুর্তজা জামান আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শাহজালাল ও নুরুউদ্দিন জামিনে রয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহউদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দুটি চাঁদাবাজি ও একটি অস্ত্র মামলায় আদালতে পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। এসব মামলায় নিয়মিত হাজিরা শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে এই মামলার আসামি নূর হোসেন ও আলী মোহাম্মদকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানো অবস্থায় আদালতে হাজির করা হয়। নূর হোসেনের মাথায় ছিল হেলমেট।