নূর হোসেনের ভাইসহ দুজনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূরুদ্দিন ও সহযোগী লোকমানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁরা দুজনই পলাতক। নূর হোসেনও এ মামলার আসামি।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম শুনানি শেষে আগামী ১১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। শুনানির সময় নূর হোসেন ও তাঁর ভাতিজা সিটি করপোরেশনের কাউন্সিলর শাহজালাল বাদল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত সরকার কৌঁসুলি (এপিপি) কে এম ফজলুর রহমান জানান, ২০১৪ সালের ১৫ মার্চ সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার সাইদুল ইসলামের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন নূর হোসেন ও তাঁর লোকজন। এ সময় আসামিরা তাঁকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেন। পরে নূর হোসেন ভারত পালিয়ে গেলে চলতি বছরের ২১ জুন এ ঘটনায় সাইদুল ইসলাম বাদী হয়ে নূর হোসেনসহ আটজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে নূর হোসেন ও তাঁর ভাই নূরুদ্দিন, ভাতিজা সিটি করপোরেশনের কাউন্সিলর শাহজালাল বাদল ও সহযোগী লোকমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান এপিপি।

সাত খুনের দুটি মামলাসহ মোট ১৩টি মামলায় নূর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নূর হোসেনকে ১২ নভেম্বর ভারতের কাছ থেকে ফিরিয়ে আনা হয়।