নূর হোসেনের ভাইসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ফাঁসির সাজা হওয়া প্রধান আসামি নূর হোসেনের ভাই বিএনপির নেতা নূর উদ্দিন ও ভাইপো সোহেলসহ ছয়জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। যাত্রীবাহী লেগুনা থেকে চাঁদা আদায়ের অভিযোগে তাঁদের নামে বৃহস্পতিবার রাতে এ মামলা করা হয়।

মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামি ইউনুস (৩০), মনির হোসেন (২৯) ও খোরশেদের (৩২) সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। রোববার রিমান্ড শুনানি হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান।

শিমরাইল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে, নারায়ণগঞ্জ-শিমরাইল, যাত্রাবাড়ী-শিমরাইল ও সোনারগাঁও-শিমরাইল রুটে চলাচলরত লেগুনা পরিবহন থেকে নূর হোসেনের ভাই নূর উদ্দিন ও ভাইপো সোহেল লোকজন দিয়ে জোর করে চাঁদা আদায় করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন পরিবহন মালিক এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ গত বৃহস্পতিবার সকাল থেকে শিমরাইল মোড়ে পরিবহন চাঁদাবাজদের ওপর নজর রাখে। দুপুরে যাত্রাবাড়ী-শিমরাইল রুটের লেগুনা থেকে চাঁদা তোলার সময় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ চাঁদার টাকাসহ ইউনুস, মনির হোসেন ও খোরশেদ নামের তিনজনকে গ্রেপ্তার করে। নূর হোসেনের ভাই নূর উদ্দিন, ভাইপো সোহেল ও শিপনসহ এ তিনজন দ্রুত পালিয়ে যান। পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া তিনজন নূর উদ্দিন ও সোহেলের নির্দেশে চাঁদা তোলার কথা বলেছেন। গ্রেপ্তার হওয়া ইউনুস ঢাকার ডেমরা বাজার এলাকার সেকান্দারের ছেলে, মনির হোসেন ডেমরার পানির টেংরা এলাকার আলাউদ্দিনের ছেলে ও খোরশেদ সোনারগাঁও প্যাচাইন এলাকার মইন উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার রাতে এসআই রাসেল আহমেদ গ্রেপ্তার হওয়া তিনজনসহ পলাতক নূর উদ্দিন, সোহেল ও শিপনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।