নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা তোফায়েল হোসেনের ওপর হামলার ঘটনায় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
গতকাল বুধবার সকালে তোফায়েলের বোন মেরিনা আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে নূর হোসেনের দুই ভাইসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
সোমবার আধিপত্য বিস্তার নিয়ে নূর হোসেনের ভাতিজা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালালের পক্ষের লোকজনের সঙ্গে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেনের পক্ষের সংঘর্ষ হয়। এতে তোফায়েলসহ পাঁচজন আহত হন।