
বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য এ-সংক্রান্ত মামলা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আজ শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত এ নির্দেশ দেন।
১৩ জানুয়ারি জেলা ও দায়রা জজের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলা বিচারের জন্য অন্য কোনো বিচারকের আদালতে স্থানান্তর করার কথা। এদিকে, এই মামলায় তিন আসামির বিরুদ্ধে সাড়ে চার মাস আগে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠনের জন্য আটটি তারিখ পড়লেও প্রতি তারিখে তিন আসামির কেউ না কেউ অনুপস্থিত থাকায় অভিযোগ গঠন করা যায়নি।
আজ বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি জেলা জজ আদালতে পাঠানোর আগে নূর হোসেনকে আদালত থেকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোনো আইনজীবী নিয়োগ করবেন কি না? অসুবিধা থাকলে আদালত থেকে তাঁর জন্য আইনজীবী নিয়োগ করা হবে। এ সময় নূর হোসেন আদালতকে জানান, তাঁর পরিজনেরা বাংলাদেশ থেকে এসে তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ দেবেন।
গত বছরের ১৪ জুন নূর হোসেন গ্রেপ্তার হওয়ার পর এখনো আদালতে জামিনের প্রার্থনা করেননি। তবে তাঁর দুই সঙ্গী খান সুমন এবং ওহিদুর জামান শামীম বারাসাতের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান।
গত ২৯ ডিসেম্বর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তিন আসামিকে আদালতে হাজির থাকার জন্য চূড়ান্ত সময় নির্ধারণ করেছিলেন।
এর আগে গত ১৪ জুন নূর হোসেন দুই সহযোগীসহ গ্রেপ্তার হলেও গত ১৮ আগস্ট পুলিশ বিদেশি আইনসহ আরও কয়েকটি ধারায় বেআইনি অনুপ্রবেশের দায়ে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করে।