নূর হোসেনের শ্যালকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় ছাত্রলীগের নেতা নূরে আলম খানসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নূরে আলম খান নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শ্যালক। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

গতকাল শনিবার রাতে ঢাকা রেলওয়ে থানায় (জিআরপি) অপারেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বাদী ও ঢাকা জিআরপি থানার অপারেশন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ছাত্রলীগের নেতা নূরে আলম ও এম এ রহমান ওরফে আনসার আলীকে মামলায় আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে দুর্ঘটনায় আহত এম এ রহমানকে গ্রেপ্তার করে বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি একটি শিপিং প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। পলাতক আসামি নূরে আলমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের নামে থাকা দুটি পিস্তলের লাইসেন্স বাজেয়াপ্ত করা হলেও তা তিনি সিদ্ধিরগঞ্জ থানায় জমা দেননি। এর একটি পিস্তল ব্যবহার করছিলেন ছাত্রলীগের নেতা নূরে আলম।
গত শুক্রবার বিকেলে মালিবাগ রেলক্রসিংয়ে প্রতিবন্ধক দণ্ড ফেলা হলেও বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কার রেললাইনে উঠে বিকল হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের বাইরে ছিটকে পড়ে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারের তিন যাত্রী আহত হন। পরে জিআরপি থানার পুলিশ কার থেকে ২০টি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। ওই দিন গাড়িচালককে আসামি করে ঢাকা জিআরপি থানায় মামলা করা হয়। দুর্ঘটনায় আহত একজনকে শনাক্ত করা হলেও চালকসহ অন্য দুজন পলাতক।

দুই গেটম্যান বরখাস্ত
দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান আকবর হোসেন ও মমিন হোসেনকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ঢাকার প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজিমুল ইসলামকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
যোগাযোগ করা হলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুল আহসান প্রথম আলোকে বলেন, কমিটিকে পাঁচ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।