নূর হোসেনের সঙ্গী ওহিদুর জামানও জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী ওহিদুর জামান (শামীম) গতকাল শুক্রবার বিকেলে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। বুধবার বারাসাতের জেলা ও দায়রা জজ তাঁকে জামিন দেন। এর আগে জামিনে মুক্তি পান নূর হোসেনের অপর সঙ্গী খান সুমন।

গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রায় ছয় মাস পার হলেও নূর হোসেনের পক্ষে এখনো জামিনের আবেদন জানানো হয়নি।

ওহিদুরের আইনজীবী অভিষেক চক্রবর্তী জানান, তাঁর মক্কেলের বৈধ বাংলাদেশি পাসপোর্ট, ভারতের ভিসা ও বিমানের টিকিট থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুনানির সময় আদালতে ওহিদুর জামানের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দায়রা জজ জামিনের আবেদন মঞ্জুর করেন।