নূর হোসেনের সঙ্গী খান সুমনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খান সুমন
খান সুমন

বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিন পেয়েছেন। আজ সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের জেলা ও দায়রা জজ জামিন আবেদনের ওপর শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এর আগে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তিনবার খান সুমনের জামিনের আবেদন খারিজ করে দেন। এর পরই খান সুমন বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

আজ সকালে দায়রা জজ আদালতে খান সুমনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তারক চন্দ্র দাস ও অনুপ ঘোষ। শুনানিতে আইনজীবীরা দাবি করেন, খান সুমন বাংলাদেশের বৈধ পাসপোর্ট এবং ভারতীয় ভিসা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা আসেন। অথচ তাঁকে অবৈধ অনুপ্রবেশের মিথ্যা মামলায় জড়ানো হয়। এ ছাড়া পুলিশও দুই মাসের মধ্যে অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে তাঁরা খান সুমনের জামিনের আবেদন করেছেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ অমিতাভ চট্টোপাধ্যায় জামিনের আবেদন মঞ্জুর করেন।

এদিকে গত শনিবার নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে আদালতে তোলার কথা থাকলেও তোলা হয়নি। ওই দিন ১৪ দিনের জেল হেফাজত দিয়ে নূর হোসেন এবং তার দুই সঙ্গীকে দমদম কারাগারে পাঠানো হয়। এই মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এই মামলার নূর হোসেনের অপর সঙ্গী ওহিদুর জামানের জামিনের আবেদন করা হয়েছে জেলা ও দায়রা জজ আদালতে। ওহিদুর জামানের আইনজীবী অভিষেক চক্রবর্তী প্রথম আলোকে আজ সন্ধ্যায় জানান, আগামী ১ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানি হবে।

উল্লেখ্য, কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে দুই সঙ্গীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ।