নূর হোসেনের সঙ্গী সুমনের জামিন আবেদন খারিজ
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া খান সুমনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের আদালত। আজ সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় এ আদেশ দেন।
৭ জুলাই খান সুমন আদালতে জামিনের আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, তিনি পাসপোর্ট, ভিসা নিয়ে বৈধভাবে দমদম বিমানবন্দর দিয়ে কলকাতায় প্রবেশ করেছেন। এই দাবির পক্ষে সুমনের দুই আইনজীবী তারকচন্দ্র দাস ও অনুপ ঘোষ সুমনের পাসপোর্ট, বিমানের টিকিট ও ভিসার আবেদনপত্রের ফটোকপি আদালতে জমা দেন। এসব কাগজপত্র যাচাই করে ১১ জুলাই প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন হাকিম। তদন্ত কর্মকর্তা ১১ জুলাই প্রতিবেদন জমা দিলেও সেদিন আদালতে শুনানি হয়নি। এ কারণে আজ ১৪ জুলাই শুনানির দিন ধার্য করেন আদালত।
১১ জুলাই সুমনের আইনজীবীরা প্রথম আলোকে জানান, তদন্তকারী কর্মকর্তা সুমনের পক্ষেই প্রতিবেদন দিয়েছেন। সুমন বৈধভাবেই বিমানে চড়ে কলকাতায় আসেন। আদালতে সুমনের জমা দেওয়া কাগজপত্র সঠিক।
এদিকে আজ মামলার শুনানি চলাকালে সুমনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সুমনের পাসপোর্ট-ভিসা সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, সুমনের পাসপোর্ট-ভিসা ও অন্যান্য কাগজপত্র জাল।
আদালতে সুমনের জামিনের আপত্তি তোলেন সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে। তিনি বলেন, আটক তিনজনই বাংলাদেশের সন্ত্রাসী। নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে সুমনের দাখিল করা কাগজপত্র জাল।
শুনানি শেষে সুমনের জামিনের আবেদন খারিজ করে দেন হাকিম। একই সঙ্গে হাকিম সুমনের জমা দেওয়া কাগজপত্রের তদন্ত প্রতিবেদন মামলার সঙ্গে নথিভুক্ত করেন। মামলার পরবর্তী শুনানি তারিখ ২১ জুলাই।
বিকেলে সরকারী আইনজীবী বিকাশ রঞ্জন দে প্রথম আলোকে বলেন, সুমনের পাসপোর্ট, বিমানের টিকিট ও অন্য যেসব কাগজপত্র আদালতে দেওয়া হয়েছে তা জালগত ১৪ জুন কলকাতার অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।