নূর হোসেনের সহযোগী আলী ছয় দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আলী মোহাম্মদকে আজ রোববার ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
দুপুুরে আলী মোহাম্মদকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে এ কথা জানান।
এর আগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুুলিশ (ডিবি) গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আউলিয়া বাজার এলাকা থেকে আলী মোহাম্মদকে গ্রেপ্তার করে।
আলী মোহাম্মদ নূর হোসেনের ক্যাশিয়ার ছিলেন। এ ছাড়া নূর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতের চাঁদাবাজি, খুন, অপহরণসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।