নূর হোসেনের সহযোগী বাশার সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আবুল বাশারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন এই আদেশ দেন।

বাশারকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই আদালতে নূর হোসেনের আরেক সহযোগী রহম আলী সাত খুনের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

গতকাল শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে নূর হোসেনের সহযোগী আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। আর ২৩ মার্চ কুমিল্লা থেকে অপর সহযোগী রহম আলীকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে থাকা অবস্থায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৭ এপ্রিল নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের লাশ ভেসে ওঠে। পরদিন ওই নদীতেই আরেকজনের লাশ ভেসে ওঠে। নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। সাত খুনের ঘটনায় এ পর্যন্ত নারায়ণগঞ্জ র‌্যাবের সাবেক অধিনায়কসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।