নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, রহম আলীকে আজ সকালে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত ৭ দিন মঞ্জুর করেন।
কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলামের ভাষ্য, রহম আলীকে গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।
রহম আলীকে নিয়ে আলোচিত এই সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল জানান, রহম আলী পলাতক নূর হোসেনের অন্যতম সহযোগী। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর কাছ থেকে ওই খুনের ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর সাতজনেরই মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
হত্যাকাণ্ডের দায় স্বীকার এবং বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাসহ ১৯ জন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসেবে র্যাবের ১৪ সদস্যসহ ১৯ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।