নূর হোসেনের স্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সম্পদ বিবরণী যাচাইয়ের অংশ হিসেবে তাঁর স্ত্রী রুমা হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে রুমা হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন নূর হোসেনের দাখিল করা সম্পদের হিসাব যাচাই-বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত দুদকের উপপরিচালক জুলফিকার আলী।
এর আগে ২৫ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে নোটিশ পাঠানো হলেও রুমা হোসেন হাজির হননি। তলবি নোটিশে সেদিন হাজির না হওয়ার বিষয়ে অনুসন্ধান দলকে কোনো কিছু জানাননি বা এ বিষয়ে কোনো আবেদনও করেননি। এ কারণে অনুসন্ধান দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে ৯ মার্চ দুদকে হাজির হতে আবার নোটিশ পাঠানো হয়।
দুদকে জমা দেওয়া নূর হোসেনের সম্পদ বিবরণী যাচাইয়ে ১৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে পরিদর্শনে যায় অনুসন্ধান দল। গত ১৩ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদকে সম্পদের হিসাব জমা দেন নূর হোসেন।
দুদকের সূত্র বলেছে, ওই সম্পদ বিবরণীতে নূর হোসেন ১ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন। দুদকের কর্মকর্তারা তাঁর জমা দেওয়া হিসাব যাচাই করছেন। সম্পদের কোনো তথ্য গোপন করলে বা বিবরণীতে দেওয়া তথ্যের বাইরে কোনো সম্পদ পেলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।