নূরজাহান-ফুলবাড়ী গ্যাসক্ষেত্রে রিগ পৌঁছেছে
মার্কিন বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরনের মৌলভীবাজার গ্যাসক্ষেত্র নূরজাহান-ফুলবাড়ী কূপ এলাকায় রিগ (খননযন্ত্র) পৌঁছেছে। শিগগিরই গ্যাসকূপের মুখে খননযন্ত্র স্থাপন শেষে চলতি মাসের শেষ সপ্তাহে খননকাজ শুরু করা হবে। নূরজাহান-ফুলবাড়ী কূপ এলাকায় গতকাল রোববার পরিদর্শনে গেলে শেভরনের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার নূরজাহান ও ফুলবাড়ী চা-বাগানের অধিগ্রহণ করা পাঁচ একর ভূমিতে গ্যাসকূপের প্যাড (প্ল্যাটফর্ম) নির্মাণ শেষে গত শনিবার বিকেলে কূপ এলাকায় রিগ এসে পৌঁছে। ১৯৯৭ সালে বিস্ফোরিত মাগুরছড়া গ্যাসকূপ এলাকার তিন-চার শ গজ পশ্চিমে বেইজ ক্যাম্প (খননকাজের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের থাকার স্থান ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রাখার স্থান) স্থাপন করা হয়েছে। পাথর ভাঙার কাজ চলছে ডলুবাড়ী এলাকার একাধিক স্থানে।সূত্র জানায়, মৌলভীবাজারের তিনটি স্থান শ্রীমঙ্গলের জাগছড়া, কমলগঞ্জের নূরজাহান-ফুলবাড়ী চা-বাগান ও পাত্রকলা চা-বাগানে গ্যাসকূপ খননের জন্য ১৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে।