নূরজাহান বেগমকে সম্মাননা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী অগ্রগতির মুখপত্র ঐতিহ্যবাহী বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে তাঁর অনবদ্য অবদানের জন্য আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ সম্মাননা দিয়েছে। ১৯৪৭ সালে ঢাকায় শুরু হওয়া সাপ্তাহিক বেগম পত্রিকার মাধ্যমে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের যোগ্য উত্তরসূরি নূরজাহান বেগম নারী জাগরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ক্লাব—ঢাকা, বুড়িগঙ্গা, কসমোপলিটন, মিডটাউন, নর্থ, নর্থ-ইস্ট, নর্থ-ওয়েস্ট, সাউথ, ওয়েস্ট, ধানমন্ডি, দিলকুশা, ফেনী সেন্ট্রাল, গ্রেটার ঢাকা, গুলশান, মেট্রোপলিটন ঢাকা, মতিঝিল ও উত্তরার পক্ষ থেকে নূরজাহান বেগমের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। রাজধানীর লয়েল স্ট্রিটের সওগাত প্রেসে গিয়ে সম্মাননা তুলে দেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান তাহেরা মুজাফফর।নূরজাহান বেগম বলেন, অর্থের অভাবে বেগম পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থের সভাপতি মোহেসনা রেজা প্রথম আলোকে জানান, ইনার হুইল প্রতিবছর বিশিষ্ট ব্যক্তিদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করে থাকে। বিজ্ঞপ্তি।