নূরজাহান বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট নারী সাংবাদিক নূরজাহান বেগমের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গতকাল শুক্রবার বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, প্রবীণ নারী সাংবাদিক নূরজাহান বেগমের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষেরÿসঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
৯১ বছর বয়সী নূরজাহান বেগম শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। তাঁর মেয়ে ফ্লোরা নাসরিন এ কথা বলেন।
প্রখ্যাত সাংবাদিক সওগাত সম্পাদক নাসির উদ্দিনের কন্যা নূরজাহান বেগম তাঁর সম্পাদিত বেগম পত্রিকার জন্য খ্যাতিলাভ করেন।
আসফার হোসেন মোল্লার মৃত্যুতে শোক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের কালীগঞ্জ থেকে ১৯৯১ সালে নির্বাচিত সাংসদ আসফার হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কালীগঞ্জ তথা গাজীপুরবাসী এই আওয়ামী লীগ নেতার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আকতার সর্দারের বাসায় প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী প্রয়াত আকতার সর্দারের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী আকতার সর্দারের রাজধানীর মগবাজারের বাসায় যান। তিনি সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রী মরহুম আকতার সর্দারের পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন বিষয়ের স্মৃতিচারণা করেন। গত ২৬ এপ্রিল বার্ধক্যজনিত কারণে আকতার সর্দার মারা যান।