নূরজাহান বেগমের ৮৯তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান বেগম
নূরজাহান বেগম

সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৮৯তম জন্মদিন আজ।
১৯২৫ সালের ৪ জুন মেঘনাপারের চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্ম তাঁর৷ প্রথমে নাম ছিল নূরুন নাহার। মা-বাবা আদর করে ডাকতেন নূরী৷ পরে নানি নূরজাহান বেগমের ইচ্ছায় নানির নাম হয়ে যায় নাতনিরও নাম৷ বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন ছিলেন মাসিক সওগাত পত্রিকার সম্পাদক। এ পত্রিকাটি নূরজাহান বেগমের জন্মের সাত বছর আগে প্রকাশিত হয়। কলকাতার দোতলা বাড়ির দোতলায় সওগাত অফিস। বাবার কাজে সাহায্য করতে করতেই পত্রিকার সঙ্গে পরিচয় হয় নূরজাহান বেগমের।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হন৷ তারপর স্কুল পাল্টালেও ১৯৪২ সালে ওই স্কুল থেকেই মেট্রিক (এসএসসি) পাস করেন নূরজাহান। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও স্নাতক পাস করেন। ১৯৪৬ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে তিনি নেমে পড়েন সমাজকর্মে। তারপর সপরিবারে ঢাকায় চলে আসতে বাধ্য হন৷
১৯৪৭ সালের ২০ জুলাই প্রকাশিত হয় বেগম পত্রিকা৷ সে সময় বাংলা ভাষায় নারীদের জন্য নারীবিষয়ক এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন নূরজাহান বেগমের বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। আর কলেজের গণ্ডি পার না হতেই বেগম-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান নূরজাহান বেগম৷ তারপর সম্পাদক। নিরলসভাবে এখনো তিনি এ দায়িত্ব পালন করছেন৷
বেগম ১৯৫০ সাল থেকে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে। নূরজাহান বেগম সাংবাদিকতা কাজের পাশাপাশি বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। বাবা মোহাম্মদ নাসিরউদ্দীনের অমতে নিজের পছন্দে বিয়ে করেন দৈনিক ইত্তেফাক-এর ‘কচি-কাঁচার আসর’ নামের
ছোটদের পাতা সম্পাদনাকারী রোকনুজ্জামান খানকে (দাদাভাই)৷ তাঁদের দুই মেয়ে ফ্লোরা নাসরিন ও রিনা ইয়াসমিন। সেই ব্রিটিশ শাসনামল, পাকিস্তান আমল এবং তারপর বাংলাদেশ আমলের অনেক উত্থান-পতনের সাক্ষী নূরজাহান বেগমের ৮৯তম জন্মদিন উপলক্ষে আজ পুরান ঢাকার নারিন্দার বাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷