নূরজাহানের আনন্দাশ্রু
‘শরীরটা পুড়ছে। মন তো পুড়ে নাই। তবু মনমরা থাকতাম। মনে মনে চাইতাম, একটা অবলম্বন। নিজ থাকি কিছু করমু, পরিবারের সাহায্যে লাগব। গাভি, পাওয়ার পাম্প আমার মনের বল বাড়াইছে। অখন নিজের পায় দাঁড়াইবার একটা শক্তি পাইলাম...।’ কান্না সংবরণ করে এভাবেই কথাগুলো বলল, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের মোকামদুয়ার গ্রামের স্কুলছাত্রী নূরজাহান বেগম (১৭)। এত দিনের কান্না আর আজকের এই কান্নার মধ্যে ফারাক আছে, জানাল নূরজাহান। আজ তার আনন্দের কান্না। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে ৩৫ হাজার টাকা ব্যয়ে গাভি-বাছুর ও সেচযন্ত্র কিনে গতকাল মঙ্গলবার তার হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা ইয়াসমীন উপস্থিত ছিলেন। নূরজাহান এসিডদগ্ধ হয় তার বাবার মুদি দোকানে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে। ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর ভোরে নূরজাহানকে এসিড ছুড়ে মারে পাশের গ্রামের বখাটে আবদুস ছোবহান ওরফে শান্ত (২২)। সিলেট ও ঢাকায় নূরজাহানকে প্রায় এক বছর চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় একমাত্র শান্তকে আসামি করে মামলা হলে আদালত শান্তকে ১০ বছরের কারাদণ্ড দেন। শান্ত এখন কারাগারে। কিন্তু নূরজাহানের পরিবার চলছিল আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে। দুই ভাইবোনের মধ্যে বড় সন্তান নূরজাহান জালালপুর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার পর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের পুনর্বাসন সহায়তায় পারিবারিক দৈন্য ঘোচার সম্ভাবনা দেখে নূরজাহান ফের পড়াশোনা শুরু করে। এবার সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। পুনর্বাসন-সহায়তা দেওয়ার আগে এসিডসন্ত্রাস বিষয়ে এক সচেতনতামূলক সভা হয়। সভায় নূরজাহান তার ওপর ভয়াবহতার বর্ণনা দেয়। সভায় ইউএনও সুলতানা ইয়াসমীন বলেন, ‘নূরজাহানের জীবন কত সুন্দর হতে পারত। অথচ মানুষরূপী এক পশুর কারণে তার এই অবস্থা। তবে এ কারণে নূরজাহানকে জীবনযুদ্ধে পরাজিত হতে দেওয়া যাবে না। তাকে বুক ফুলিয়ে চলতে সবাইকে সাহায্য করতে হবে।’ প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর সঞ্চালনায় সভায় এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল বলেন, ‘সাংবাদিকতা করতে গিয়েই প্রথম আলো একসময় অনুভব করে নারীর প্রতি সংহিসতা রোধে কিছু একটা করা দরকার। এ অনুভব থেকেই এ পর্যন্ত আমরা সারা দেশে ২৮১ জন নারীকে পুনর্বাসনে সহযোগিতা করেছি।’সভায় দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরণ মাহমুদ, জালালপুর ইউপি সদস্য শমছেরা বেগম, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ ও সিলেট বন্ধুসভার সদস্য সৌরজিত রায় উপস্থিত ছিলেন।