নূরজাহানের ওপর হামলার শাস্তি দাবি আসকের
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ সদস্য নূরজাহান বেগমের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ রোববার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এ ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দেখে আসছি স্থানীয় সরকার বা অন্যান্য পর্যায়ে ধীরে ধীরে নারীর অংশগ্রহণ বাড়ছে। কিন্তু এ ধরনের ঘটনা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে হুমকিস্বরূপ, যা বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণের সব অধিকার ও সুরক্ষাকে লঙ্ঘন করে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশকে এমন একটি সংকটজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখানে একজন নারী ইউনিয়ন পরিষদ সদস্যও এ ধরনের হামলা থেকে রেহাই পাচ্ছেন না। আসক সরকারের কাছে অতিদ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করছে।