নূরজাহানের ডান পায়ে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রতিপক্ষের বর্বরতার শিকার চাঁপাইনবাবগঞ্জের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরজাহান বেগমের ভাঙা ডান পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এই অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকেরা বলেছেন, নূরজাহানের সেরে উঠতে অনেক সময় লাগবে। এদিকে তাঁর ওপর হামলার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় গতকাল শুক্রবার মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়।
নূরজাহান শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপির নারী সদস্য ও আওয়ামী লীগ কর্মী। গত বুধবার বিকেলে তাঁর ডান হাত ও ডান পায়ের রগ কেটে দেন বিএনপির নেতা-কর্মীরা। বাঁ পা ও বাঁ হাতের রগ কাটারও চেষ্টা করেন। ছুরিকাঘাতে বাঁ স্তনের অনেকখানি কেটে দেওয়া হয়। মুখমণ্ডল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কেটে দেওয়া হয়। ভেঙেছে ডান পা।
আহত নূরজাহানকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আনা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে নেওয়া হয় জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া পরে। সেদিন রাতে আবার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তাঁর ডান পায়ে অস্ত্রোপচার করা হয়।
নূরজাহান পঙ্গু হাসপাতালের দোতলায় চিকিৎসাধীন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর বিছানার পাশে গিয়ে দেখা যায়, তিনি তখনো ঘোরের মধ্যে রয়েছেন। ব্যথানাশক ওষুধের প্রভাব রয়েছে। দুই হাত ও দুই পা প্লাস্টার করা। মাঝেমধ্যে অস্থির হয়ে ছেলে টমাস সরকারকে খুঁজছেন। চাইছেন ছেলে যেন তাঁর হাত ধরে।
কেমন আছেন—এ প্রশ্নে নূরজাহান জানান, বেদনা করছে। ছেলে কাছে এলে হাত ধরতে বললেন। ছেলে মায়ের কাঁপতে থাকা হাত ধরলেন।
সন্ধ্যায় নূরজাহানের সঙ্গে থাকা মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, নূরজাহান আগের চেয়ে অনেক ভালো আছেন। আজ (শুক্রবার) অনেক লোক এসেছিলেন দেখা করতে, সাহায্য করতে। সবাই পাশে দাঁড়ানোয় নূরজাহান মানসিকভাবে অনেক চাঙা হয়ে উঠছেন। তিনি জানান, শিবগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী নূরজাহানকে দেখতে এসেছিলেন। কিন্তু ঢাকার কোনো নেতা আসেননি।
পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা জানান, নূরজাহানের পুরোপুরি সেরে উঠতে অনেক সময় লাগবে।
এদিকে হামলার দুদিন পর গতকাল ওই ঘটনার ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। সন্ধ্যায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নূরজাহানের ওপর হামলার ঘটনায় মামলা করতে থানায় এসেছেন তাঁর মা মার্জিনা বেগম। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে শিবগঞ্জ থানা থেকে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার বশির আহমেদ গতকাল মোবারকপুর ইউনিয়নে নূরজাহানের বাড়িতে যান। জেলা প্রশাসনের পক্ষ থেকে নূরজাহানের মাকে ১০ হাজার টাকা দেওয়া হয় এবং তাঁর চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।