নূরজাহানের সুস্থ হতে আরও ৬ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নূরজাহান বেগম সুস্থ হতে আরও তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। নূরজাহান বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
নূরজাহান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি সদস্য। ২২ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় বাস থেকে নামিয়ে নূরজাহানের ওপর হামলা চালানো হয়। বিএনপির কর্মীরা এ হামলা করেছে বলে আভিযোগ করেন নূরজাহান। কেটে দেওয়া হয় তাঁর হাত ও পায়ের রগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় ২৪ জানুয়ারি নূরজাহানের মা মারজিনা বেগম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।
গতকাল দুপুর ১২টার দিকে পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে বেডে শুয়ে দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন নূরজাহান। এ সময় হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলমসহ অন্য চিকিৎসকেরা নূরজাহানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জাহাঙ্গীর আলম বলেন, নূরজাহানের সুস্থ হতে আরও সময় লাগবে। অন্তত তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে।