
মামলা ও ঋণখেলাপির অভিযোগ থাকায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগে মনোনয়ন দেওয়া দুই প্রার্থীর বিকল্প হিসেবে আরও দুজনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
চাঁদপুর-২ আসনে নতুন করে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন রুহুল। এই আসনে এর আগে মনোনয়নের চিঠি দেওয়া হয় বর্তমান সাংসদ ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে।
অপরদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। এই আসনে এর আগে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল হক ভূঁইয়াকে।

চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মামলাজনিত জটিলতার কারণে যদি নির্বাচন করতে না পারেন, তাই বিকল্প প্রার্থী হিসেবে নূরুল আমিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ জানান, সাময়িকভাবে বিকল্প প্রার্থী হিসেবে নূরুল আমিনকে মনোনয়ন দিয়ে রাখা হয়েছে।
এদিকে চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঋণখেলাপিজনিত কারণে নির্বাচন করতে না পারলে বিকল্প প্রার্থী হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান সংসদ নির্বাচন করবেন। গত মঙ্গলবার রাতে এ-সংক্রান্ত চিঠি তিনি হাতে পেয়েছেন বলে মুঠোফোনে তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন।
এ ছাড়া চাঁদপুর-১ আসনেও আওয়ামী লীগ থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চাঁদপুরের অপর দুটি আসনের মধ্যে যাঁরা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাঁরা হলেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দীপু মনি ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।