নূরুল ইসলাম ও তাঁর ছেলে হত্যাকাণ্ডের তদন্ত দাবি
বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের পুরোধাব্যক্তিত্ব ছিলেন নূরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সংগঠক ও আজন্ম ত্যাগী, এমন একজন রাজনৈতিক নেতার মৃত্যু বড়ই কষ্টের। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার আশ্বাসের পরও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া আরও লজ্জার।গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি নূরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেছেন। নূরুল ইসলামের পরিবারের উদ্যোগে নাগরিক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।২০০৮ সালে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহর। ঘটনাস্থলেই মারা যান তমোহর। দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান নূরুল ইসলাম।অনুষ্ঠানে নূরুল ইসলামের একমাত্র মেয়ে মৌটুসী ইসলাম বাবা ও ভাইয়ের হত্যার বিচার দাবি করে বলেন, ‘একজন সাংসদের পরিবারের সদস্য হিসেবে সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ে আমাদের প্রবেশ খানিকটা সহজসাধ্য। কিন্তু তার পরও আমরা ঘটনার সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমার বাবা সারা জীবন রাজনীতির পেছনে সময় দিলেন। তাঁর মৃত্যুর ঘটনা তদন্তের অবস্থা এমন হলে আমাদের প্রজন্ম রাজনীতিতে কতটুকু উৎসাহ দেখাবে সেটি একটি প্রশ্ন।’সরকারি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে নূরুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহত নূরুল ইসলামের স্বজনেরা এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে মনে করেন। নূরুল ইসলামের মৃত্যুকে হত্যাকাণ্ড মনে করে জাতীয় যুব ঐক্য। গতকাল সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর আগে নূরুল ইসলাম মৌলবাদী একটি মহলের অব্যাহত হুমকির কথা বলে গেলেও অজ্ঞাত কারণে তদন্ত কমিটি তা পাশ কাটিয়ে গেছে। যুব ঐক্য দ্রুত এই মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।নূরুল ইসলাম ও তাঁর ছেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁদের কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে গণতন্ত্রী পার্টি, ট্রেড ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশসহ কয়েকটি সংগঠন।