নূরুল কবীরকে হত্যার হুমকি
ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক ও মানবাধিকার সংগঠন অধিকারের উপদেষ্টা নূরুল কবীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ২৩ ও ২৬ ফেব্রুয়ারি এক ব্যক্তি তাঁকে এই হুমকি দেয়। হুমকিদাতা নূরুল কবীরের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদাও দাবি করেছে।গতকাল রোববার নিউ এজ—এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি গত ২৩ ফেব্রুয়ারি একবার ও ২৬ ফেব্রুয়ারি আরেকবার নূরুল কবীরকে হুমকি দেয়। হুমকিদাতা নূরুল কবীরকে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা ও লেখালেখি বন্ধ করতে বলে। ওই ব্যক্তি নূরুল কবীরের কাছে ৫০ লাখ টাকা চাঁদাও দাবি করে। বিজ্ঞপ্তিতে ওই হুমকিদাতাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়। এদিকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নূরুল কবীরকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি রাতে মাসুম পরিচয়দানকারী এক ব্যক্তি মুঠোফোনে (০১৮১৬৯০৪৩৫৯) নূরুল কবীরকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে নূরুল কবীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (নম্বর ১১৭৮/১০) করেছেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত হুমকিদাতাকে গ্রেপ্তার বা শনাক্ত করতে পারেনি।