নূরে আলম সিদ্দিকীকে নিয়ে সংসদে ক্ষোভ ফরাজীর
সংবাদপত্রে লেখা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকীর একটি নিবন্ধ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।
গতকাল জাতীয় সংসদে অনির্ধারিত বক্তব্যে রুস্তম আলী ফরাজী বলেন, সংবাদপত্রে নূরে আলম সিদ্দিকী বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগকে অকার্যকর ও বিকলাঙ্গ বলে মন্তব্য করেছেন। এটা তিনি করতে পারেন না। তিনি বিচার বিভাগের সবাইকে দুর্নীতিবাজ বলতে পারেন না। বিচার বিভাগে অনেকে আছেন যাঁদের দুই-তিন শ কোটি টাকা দিয়েও কেনা যাবে না। বড়জোর দুই-তিনজন সম্পর্কে বলা যেতে পারে।
রুস্তম আলী ফরাজী বলেন, ‘নূরে আলম সিদ্দিকী সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে বলতে পারতেন। তাহলে আমার কিছু বলার ছিল না।’ তিনি বলেন, রাষ্ট্রের তিনটা বিভাগ অকার্যকর হলে রাষ্ট্র চলে কী করে? এসব তিনি ঈর্ষাকাতরতা থেকে বলেছেন। এই সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন এবং সাংসদ সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, অন্যায় করলে বলা যায়, কিন্তু সামগ্রিকভাবে সংসদকে তিনি অবমাননা করতে পারেন না। তিনি সম্মানীয় এবং সৎ মানুষদের সম্মান না করতে পারেন, কিন্তু অসম্মান করতে পারেন না। নূরে আলম সিদ্দিকী কী করেন মানুষ তা জানে। তিনি কীভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছেন?