নূরের ওপর হামলা: আরেক আসামির লাশ উদ্ধার
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের (বর্তমান সংস্কৃতিমন্ত্রী) গাড়িবহরে হামলা মামলার আরও এক আসামি আতিকুর রহমানের (২৬) লাশ উদ্ধার করেছে সৈয়দপুর থানার পুলিশ। আজ সোমবার সকালে সৈয়দপুর বাইপাস সড়কের নাড়িয়ার ডাঙ্গা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আতিকুল নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের কারী ফজলুল করিমের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
নিহত আতিকুরের ভাবি রেহানা পারভিন সাংবাদিকদের কাছে ছবি দেখে আতিকুরের লাশ শনাক্ত করেছেন।
এই মামলার বাদী নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার বলেন, গত ১৪ ডিসেম্বর বিকেলে জেলা সদরের রামগঞ্জ বাজারে তত্কালীন সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার সময় আওয়ামী লীগের চার নেতা-কর্মী নিহত হন। তাঁদের মধ্যে নিহত টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর হত্যার ঘটনায় তাঁর জ্যাঠাতো ভাই রাশেদ আলম চৌধুরী বাদী হয়ে ১ জানুয়ারি নীলফামারী আমলি আদালত-১-এ একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৮৬ জন আসামির মধ্যে আতিকুর রহমান ৪ নম্বর আসামি ছিলেন। আদালতের নির্দেশে পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় এ মামলাটি সংযুক্ত করে তদন্ত করা হচ্ছে।
বাবুল আক্তার সৈয়দপুর থেকে একজনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করলেও এটি আতিকুরের কি না, তা বেলা একটা পর্যন্ত নিশ্চিত করতে পারেননি।
আতিকুরের বড় ভাই আমিনুল ইসলাম দাবি করেন, ‘ঘটনার পর থেকে আতিকুর পলাতক ছিল। গত ১৩ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সাথিয়া স্কুলের পাশে বাবুল খানের বাড়ি থেকে আতিকুর ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মহিদুলকে (২৬) ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন গ্রেপ্তার করে। কিন্তু আমরা থানার পুলিশসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান পাইনি। আজ সকালে সৈয়দপুরে তার মৃতদেহ পুলিশ উদ্ধার করে। আমার স্ত্রী রেহানা পারভিন আমার ভাইয়ের ছবি দেখে সেটি আতিকুরের লাশ বলে নিশ্চিত করেছে।’
এর আগে গত শনিবার সকালে নূরের গাড়িবহরে হামলার মূল আসামি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর লাশ উদ্ধার করে নীলফামারী সদর থানার পুলিশ।