নূরের ওপর হামলার তীব্র নিন্দা সংস্কৃতি কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূরের ওপর হামলার জন্য জামায়াত শিবিরকে দায়ী করেছে চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা। অবিলম্বে হামলার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংস্কৃতি কর্মীরা সব সময়ই শিল্পিত উপায়ে তাঁদের প্রতিবাদ জানিয়ে থাকেন। সহিংস কোনো ঘটনায় তাঁরা যান না। কিন্তু আসাদুজ্জামান নূরের ওপরে হামলার ঘটনার সঙ্গে ধর্মান্ধ, সহিংস গোষ্ঠী যে জড়িত এতে কোনো সন্দেহ নেই।
সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, সংস্কৃতি কর্মীরা সত্য ও ন্যায়ের পথে সব সময়ই রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মানববন্ধনে বক্তব্য দেন নাট্যকর্মী ম সাইফুল আলম চৌধুরী, সঞ্জীব বড়ুয়া, দীপক চৌধুরী, জাহাঙ্গীর আলম, সুচরিত দাশ, আবৃত্তি-কর্মী রাশেদ হাসান, মিলি চৌধুরী, ফারুক তাহের প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, চট্টগ্রাম, সম্মিলিত আবৃত্তি জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রমা প্রভৃতি সংগঠন সংহতি জানায়।