নূরের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গতকাল জাতীয় নাট্যশালার মূল ফটকে সমাবেশ করে । ছবি: প্রথম আলো
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গতকাল জাতীয় নাট্যশালার মূল ফটকে সমাবেশ করে । ছবি: প্রথম আলো

এটি ব্যক্তি আসাদুজ্জামান নূরের ওপর হামলা নয়, সব মুক্তমনা সংস্কৃতিকর্মীর ওপর হামলা। একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী সংগঠন জামায়াত-শিবিরের এ তাণ্ডব সংস্কৃতিকর্মীরা কোনোভাবেই মেনে নেবেন না। তাঁরা বাঁধভাঙা জোয়ারের মতো পথে নেমে এর প্রতিরোধ করবেন।

নীলফামারীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সমাবেশের মূল সুর ছিল এটি। রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাট্যব্যক্তিত্বরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করারও দাবি জানান তাঁরা।

গত শনিবার নীলফামারীর রামগঞ্জে জামায়াত-শিবিরের হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের অবস্থা জেনে ফেরার পথে বিকেলে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে দফায় দফায় হামলা করেন স্থানীয় জামায়াত ও শিবিরের কর্মীরা। এ ঘটনায় পাঁচজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার পথে যারা বাধা দেবে, তাদের প্রতিরোধ করতে সংস্কৃতিকর্মীরা সম্মুখভাগে থাকবেন। যতই বহির্বিশ্বের চাপ আসুক, আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হব না। আমাদের এ লড়াইয়ে জিততে হবে।’

পাকিস্তানের সাংবাদিক হামিদ মির ও পিটিআই দলের নেতা সাবেক ক্রিকেটার ইমরান খানকে উদ্দেশ করে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘পাকিস্তানের কেউই মানবতার পক্ষে নয়। এরা পাকিস্তান নামে একটি করপোরেট রাষ্ট্রের শুভেচ্ছা দূত। সুতরাং এদের বর্জন করতে হবে।’

অভিনেতা ইনামুল হক বলেন, ‘একাত্তরের বিজয়ের পর আমরা এতটাই আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম ও আত্মতুষ্টিতে ভুগছিলাম যে পরাজিত শক্তিদের দেশ থেকে উৎখাত করতে হবে, তা ভুলে গিয়েছিলাম।’

আতাউর রহমান আসাদুজ্জামান নূরকে ‘একজন সভ্য মানুষের প্রতীক’ আখ্যায়িত করে তাঁর ওপর হামলার নিন্দা করেন।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লাকী ইনাম, আফরোজা বানু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।

‘মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে/তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি’ দেশাত্মবোধক গানটি দিয়ে সমাবেশ শেষ হয়।

সমাবেশের পরে মিছিল বের করা হয়। এতে অংশ নেন নাগরিক নাট্য সম্প্রদায়, সময়, নাট্য কেন্দ্র, নাট্যচক্র, সুবচন নাট্য সম্প্রদায়, প্রাঙ্গণে মোর, মহাকাল, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, সংলাপ গ্রুপ থিয়েটার, দেশনাটক, লোকনাট্য দলসহ বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা। মিছিলটি শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার একাডেমীতে এসে শেষ হয়।