নূরের গাড়িবহরে হামলার এক বছর উপলক্ষে স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলায় গত বছর বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রোববার বিকেলে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে স্মরণসভা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘গত বছরের ১৪ ডিসেম্বর আমার গাড়িবহরে হামলা চালিয়ে যেভাবে দলের চার নেতা-কর্মীর হাত-পা ও গলা কেটে হত্যা করা হয়েছে, এটা কসাইরাও করতে পারে না।’ তিনি বলেন, ‘আমরা কী অপরাধ করেছিলাম, যাঁদের হত্যা করা হলো, তাঁদেরই বা কী অপরাধ ছিল। সেদিন আমার নেতা-কর্মীরা জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছেন।’
সভার শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মন্ত্রী নিহত মুরাদ, ফরহাদ, খোরশেদ আলম ও লেবু মিয়ার কবর জিয়ারত করেন। স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে সমবেদনা জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের চৌরঙ্গীতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক শোভাযাত্রা বের করা হয়।
গত বছরের ১৪ ডিসেম্বর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে নীলফামারী-২ (সদর) আসনের তৎকালীন সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা হামলা চালান।