সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ নিয়ে ওই হামলার ঘটনায় দায়ের করা মামলার নামীয় একজনসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রামগঞ্জ বাজার এলাকা থেকে এলাকাবাসী গতকাল দুপুরে দুই দফায় সাতজনকে আটক করে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়। তাঁরা হলেন বিএনপির কর্মী নজরুল ইসলাম ও খোরশেদ আলম, জামায়াতের কর্মী মজিবর রহমান ও আজিজুল ইসলাম এবং শিবিরের কর্মী মোফাজ্জল হোসেন, আবু সাঈদ ও মাঈনুল ইসলাম। শনিবার ওই মামলার নামীয় আসামি জামায়াতের কর্মী জাকারিয়া ও শিবিরের কর্মী মামুনকে গ্রেপ্তার করা হয়।
জলঢাকায় গ্রেপ্তার ৪: পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁরা হলেন বিএনপির কর্মী শরীফুল ইসলাম, ছাত্রদলের কর্মী তৌহিদুল ইসলাম, জামায়াতের কর্মী আলতাফ হোসেন ও শিবিরের কর্মী অফিজার রহমান।