নূরের গাড়িবহরে হামলা, প্রতিবাদ জানাল বিএনপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার প্রতিবাদ ও জামায়াতের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আয়োজিত মানববন্ধন।  ছবি: প্রথম আলো
সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার প্রতিবাদ ও জামায়াতের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আয়োজিত মানববন্ধন। ছবি: প্রথম আলো

নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ ও জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধের জন্য আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতা-কর্মীরাও।
আজ সোমবার সকালে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরাও অংশ নেন। এতে এলাকাবাসীরা যোগ দেন। মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ।
মানববন্ধনের পর সমাবেশে বক্তারা অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও সহিংসতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। তাঁরা হত্যাকাণ্ডের বিচার দাবি করে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করার ঘোষণা দেন।
বক্তারা বলেন, জামায়াত-শিবির এলাকায় কোনো ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য দেন টুপামারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দোহা শাহ, টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির ও সদর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জুলফিকার আলী।

সমাবেশে সভাপতিত্ব করেন টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম শাহ। এতে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকছেদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, সদর উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবুল কাশেম শাহ, আওয়ামী লীগের নেতা ছমির উদ্দিন সরকার ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন চৌধুরী।
১৪ ডিসেম্বর নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে জামায়াত-শিবির হামলা চালালে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ চৌধুরী (৫৫), আওয়ামী লীগের কর্মী লেবু (৪০), যুবলীগের কর্মী ফরহাদ হোসেন (২৫), ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন (২০)। এ ছাড়া জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক (৪২) নিহত হন।