নূরের গাড়িবহরে হামলার ঘটনায় আরও ৫ গ্রেপ্তার
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা এবং আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যার ঘটনায় পুলিশ গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াত-শিবিরের আরও পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল আটজনে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ভাটিয়াপাড়ার (বগুড়াপাড়া) জসমত আলী (৫০), একই ইউনিয়নের দক্ষিণ দুবাছড়ি মিয়াপাড়া গ্রামের আবদুর রহিম (৫২), দুবাছড়ি মাঝাপাড়া গ্রামের আবদুর রহিম বাদশা (২০), টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের নূর হোসেন (২৫)। এঁদের দেবীগঞ্জ উপজেলার সীতারপাঠ গুচ্ছগ্রাম থেকে এবং রামগঞ্জ গ্রামের আবুল কালামকে (৪৩) জেলা শহরের পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাবুল আখতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার হাতেম আলীর নেতৃত্বে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সোমবার ভোররাতে জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সীতারহাট গুচ্ছগ্রামে আত্মগোপনে থাকা চারজনকে এবং মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরাতন রেলস্টেশন এলাকা থেকে আবুল কালামকে (৪৩) পুলিশ গ্রেপ্তার করে।
গত শনিবার বিকেলে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনার রাতেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সৈয়দপুর উপজেলা শহরের মিস্ত্রিপাড়ার আবদুল ওয়াহেদ (৩২), নিয়ামতপুরের মকলেছুর রহমান (৪২) ও জেলা সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের হাসান আলী মিঞা (৬৫)।