নূরের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৫
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যার ঘটনায় পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল আটজনে।
নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাবুল আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে গতকাল রাতে নীলফামারীর পাশের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সীতারহাট গুচ্ছগ্রামে আত্মগোপনে থাকা চারজনকে গ্রেপ্তার করে। এঁরা হলেন নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের ভাটিয়াপাড়ার জসমত আলী, একই ইউনিয়নের দক্ষিণ দুবাছড়ি মিয়াপাড়া গ্রামের আবদুর রহিম, দুবাছড়ি মাঝাপাড়া গ্রামের আবদুর রহিম বাদশা ও টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের নূর হোসেন। আর আজ দুপুরে জেলা শহরের পুরোনো রেলওয়ে স্টেশন এলাকা থেকে রামগঞ্জ গ্রামের আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী এবং ওই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।
গত শনিবার বিকেলে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে জামায়াত-শিবিরের হামলায় টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, একই ইউনিয়নের দুই ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ শাহ ও ছাত্রলীগের কর্মী মুরাদ শাহ এবং আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া নিহত হন। ঘটনার রাতেই নীলফামারী থানার ওসি (তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড় হাজার লোককে আসামি করে মামলা করেন। নাম উল্লেখ করা আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।