নূরের গাড়িবহরে হামলার মামলায় ৩৪ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় চার আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যার ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্রভুক্ত ৩৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ সোমবার দুপুরে আসামিরা নীলফামারীর আমলি আদালতের বিচারক সামিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ৩৪ আসামি স্থানীয় বিএনপির নেতা-কর্মী বলে জানা গেছে। এ নিয়ে দুই দিনে এ মামলায় অভিযোগপত্রভুক্ত ৪২ আসামিকে কারাগারে পাঠানো হলো। গতকাল রোববার অভিযোগপত্রভুক্ত আসামি জেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আনামসহ জামায়াতের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠান আদালত।
তবে মামলায় মোট কতজন আসামি কারাগারে আছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।
নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক সুকুমার মোহন্ত সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারীর রামগঞ্জ হাটে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় চারজন নিহত হন। এ ঘটনায় মামলা হলে পুলিশ ২১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।