নৃতাত্ত্বিক জাতির জন্য নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি নৃতাত্ত্বিক সংখ্যালঘু জাতির নিজস্ব ভাষা রয়েছে। একজন শিশু নিজের ভাষায় শিক্ষা গ্রহণে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, বিদেশি ভাষায় সে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এ জন্য নৃতাত্ত্বিক সংখ্যালঘু প্রতিটি জাতির মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা চালু করা দরকার। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের স্টুডিও থিয়েটারে ‘সংখ্যালঘু জাতিসমূহের শিক্ষা ও মাতৃভাষা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, প্রতিটি জাতিসত্তার জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করতে হবে। এর মাধ্যমে বহু ভাষা ও বহুজাতির যে বৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের ঐতিহ্য রয়েছে, তা সবার কাছে ফুটে উঠবে।
মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক এ কে এম রইসুল হক বাহার বলেন, মানবজাতির ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষাকে সংরক্ষণ করতে হবে। তাই এ দেশের কোনো সংখ্যালঘু জাতির ভাষা যাতে হারিয়ে না যায়, সে জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমীর উদ্দিন বলেন, ভাষার জন্য এ দেশের জনগণ রক্ত দিয়েছে। কিন্তু এখনো সংখ্যালঘু জাতিগুলোর শিক্ষাব্যবস্থা মাতৃভাষায় চালু হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।
সভায় ‘বাংলাদেশের শিক্ষানীতি এবং সংখ্যালঘু জাতিসমূহের মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার প্রসঙ্গ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপন চাকমা।
সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি পলাশ চাকমার সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, বর্তমান সভাপতি সিমন চাকমা।