
সামনে যে দুজন বসে আছেন, তাঁদের দেখে মনে পড়ে গেল শতরঞ্জ কি খিলাড়ি ছবির কথা। সামনে বসা শাশ্বতী সেনই সে ছবির একটি ঠুমরির সঙ্গে কত্থক নেচেছিলেন। আর তাঁর পাশে যিনি বসে আছেন, কত্থক নৃত্যের জীবন্ত কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজ, তিনিই করেছিলেন নাচের কোরিওগ্রাফি।
সত্যজিৎ রায় পাকা জহুরি। শাশ্বতীকে তিনিই নির্বাচন করেছিলেন। তিনি এও জানতেন, বিরজু মহারাজের পূর্বপুরুষেরা ছিলেন লক্ষ্ণৌর নবাব ওয়াজিদ আলী শাহের দরবারে। ছবিতে এ নবাবের দরবারের একটি দৃশ্য ফুটিয়ে তুলতে তাই তাঁকেই প্রয়োজন। এ ছবিতে ‘কানহা ম্যায় তোসে হারি’ ঠুমরিটিও গেয়েছিলেন স্বয়ং বিরজু মহারাজ।
কত্থক নৃত্যগুরু হিসেবেই সবাই তাঁকে চেনেন। কিন্তু বিরজু মহারাজ কবিতা লেখেন। গানে ও তবলায় বেতারের এ গ্রেড শিল্পী তিনি। অনায়াসে বাজান পাখোয়াজ, সরোদ, সেতার, বাঁশি, বেহালা। শিষ্যা শাশ্বতী সেনই বলছিলেন গুরুর এসব গুণের কথা। মহারাজকে জিজ্ঞেস করি, কী করে পারেন?
বিরজু মহারাজ বলেন, ‘কারণ আমার ধ্যান এক জায়গায়। সাধনায় সবকিছুই সম্ভব। একটি বাতির আলোতে ঘরের দরজা-জানালা—সবকিছুই দেখা যায়। তেমনি আমার আত্মিক আলো থেকেই বাজনা, গান সব আসে। আমি শিখিনি, কিন্তু অনেক বড় বড় ওস্তাদের সান্নিধ্য পেয়েছি।’ এঁদের মধ্যে আছেন ওস্তাদ হোসেন খাঁ, হাফিজুদ্দিন খাঁ, পণ্ডিত ভীমসেন যোশি। ওস্তাদ আমির আলী খাঁ, পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে তিনি তবলা বাজিয়েছেন।
শাশ্বতী বলেন, পণ্ডিতজি আট-দশ বছর হলো ছবিও আঁকেন। এ ছাড়া গান লেখেন, তাতে সুর দেন। নাচের বিভিন্ন কম্পোজিশন তো করেনই।
কথক নৃত্য সম্প্রদায় আয়োজিত তিন দিনব্যাপী কথক নৃত্য উৎসবে যোগ দিতে পণ্ডিত বিরজু মহারাজ ও তাঁর দীর্ঘদিনের শিষ্য শাশ্বতী সেন ঢাকায় এসেছেন। গতকাল শুরু হলো এ উৎসব। আগামীকাল সন্ধ্যায় দেখা যাবে গুরু-শিষ্যের যুগলবন্দী নাচ। উৎসবস্থল ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-কেন্দ্রেই কথা হলো তাঁদের সঙ্গে।
মহারাজের কাছে প্রশ্ন ছিল, নাচকে বলা হয় আত্মার স্বচ্ছন্দ আন্দোলন। শাস্ত্রীয় নৃত্যের ভাষা কি সেখানে কোনো বাধা তৈরি করে? বিরজু মহারাজ উদাহরণ দিয়ে দেখান, কত্থকের ভাষাতেই তিনি কীভাবে দপ্তরে বন্দী একটি ফাইলের কাহিনি বলেন, কীভাবে জীবন দেন একটি লৌহখণ্ডকে। তাঁর কথায়, বিমূর্ততায় তিনি যেকোনো কিছুই বলতে পারেন। ভাষা সেখানে কোনো বাধা নয়।
চলচ্চিত্রের জন্য যখন নাচ কম্পোজ করেন, তখন কিছু বাণিজ্যিক চাহিদা থাকে। একজন শাস্ত্রীয় নৃত্যকার হিসেবে সেটাকে কীভাবে সামলান?
বিরজু মহারাজ বলেন, ‘ফিল্মি আন্দাজের সঙ্গে আমি কখনো আপস করিনি। মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোনকে যখন নাচ করিয়েছি, তখন কত্থকই করিয়েছি। তবে এমনও হয়েছে, গানের কথা ভালো না হওয়ায় অনেককে আগেই মানা করে দিয়েছি।’ তিনি অনুযোগ করেন, অনেক চলচ্চিত্রে কত্থককে দেখানো হয় যৌনপল্লির নাচ হিসেবে। এটা ঠিক নয়। রাজাদের দরবার, মন্দিরেই কত্থক বেশি হয়েছে।
শাশ্বতী যোগ করেন, সব ধরনের মানুষই কত্থক শিখেছেন। যৌনকর্মীরাও বিরজুজির বাবা আচ্ছান মহারাজের কাছে ভক্তির সঙ্গে কত্থক শিখেছেন। কিন্তু কত্থক শুধু সেখানেই ছিল না। কত্থক এসেছে আরও আগে, মন্দির প্রাঙ্গণে ‘কথাবচন’ হিসেবে। কথা থেকেই কত্থক এসেছে। কথা মানে গল্প। পৌরাণিক বিভিন্ন গল্প দিয়ে কত্থক নাচের শুরু। এরপর ধীরে ধীরে হিন্দু-মুসলমান রাজা, জমিদারদের কাছে এটি জনপ্রিয় হয়েছে। কত্থকের মতো বৈচিত্র্য আর কোনো শাস্ত্রীয় নৃত্যে দেখা যায় না।
শাশ্বতী সেন বাংলাদেশেরই মেয়ে। দেশভাগের আগে তাঁর পূর্বপুরুষেরা যশোরের কালিয়ায় (বর্তমান নড়াইল জেলার কালিয়া উপজেলা) ছিলেন। ৪৮ বছর আগে বিরজু মহারাজের কাছে নাচ শিখতে এসেছিলেন। এখনো আছেন গুরুর সঙ্গে।
সমসাময়িক শিল্পীরা সবাই চলে গেছেন, আপনি রয়ে গেলেন যে?
শাশ্বতী বলেন, ‘যারা বোকা তারা চলে গেছে। আজ অব্দি এমন কোনো দিন নেই, যেদিন আমি কিছু শিখি না তাঁর কাছে। এমন গুরুর কাছ থেকে চলে যাওয়ার কি অর্থ আছে কোনো?’