নৃবিজ্ঞান-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার দুই দিনব্যাপী ‘বাংলাদেশের নৃবিজ্ঞানে সমসাময়িক ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জ্ঞান-বিজ্ঞানের প্রসার, বিস্তৃতি ও বাঙালি জাতীয়তাবোধের বিকাশ চাই। নানা ঘাত-প্রতিঘাতে অনেক সময় চলে গেছে, আমরা কাজে লাগাতে পারিনি। তবে শিক্ষার্থীরা তথা নতুন প্রজন্ম আমাদের ঘাটতি পূরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নৃবিজ্ঞানী থেরেসা ব্লসে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আলম।