সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানবিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী শনিবার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বাংলাদেশের নৃবিজ্ঞানে সমসাময়িক ভাবনা’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নৃবিজ্ঞানী থেরেসা ব্লসে। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, নেপালসহ ১০টি দেশের প্রতিনিধিরা প্রবন্ধ উপস্থাপন করবেন।
বাংলাদেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। পরদিন রোববার বিকেলে সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন জাতিসংঘে বাংলাদেশের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।
সম্মেলনের সদস্যসচিব ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মসযুর-উল-হায়দার জানান, সম্মেলনে উপস্থাপনের জন্য ১২৩টি প্রবন্ধ ইতিমধ্যে জমা পড়েছে। এর মধ্যে নির্বাচিত ৮০টি প্রবন্ধ ১৬টি সেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে।
সম্মেলন আয়োজক পর্ষদের আহ্বায়ক অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের নৃবিজ্ঞানের ভাবনাগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে নৃবিজ্ঞানের ভাবনাগুলো জানতে ও ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’