নৃশংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে গত শুক্রবার রাতে মনতোষ হালদার (৪৫) নামের এক গ্রামপুলিশের পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মনতোষকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার সকালে তাঁর বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরের একটি বাগান থেকে কেটে নেওয়া পা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে ১০-১৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্তের দল মনতোষের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তাঁকে টেনে-হিঁচড়ে ঘরের চৌকাঠের ওপর ডান পা রেখে দুর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়ে হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন করে ওই কাটা পা নিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসীর সহযোগিতায় মনতোষকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাঁকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। মনতোষের স্ত্রী সবিতা রানী প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকাটি ডাকাতকবলিত। মনতোষ প্রায় প্রতি রাতে পুলিশের সঙ্গে এলাকা পাহারা দিতেন। এর জেরেই মুখোশ পরা দুর্বৃত্তরা তাঁর স্বামীর পা কেটে নিয়েছে। তিনি বলেন, এলাকার কারও সঙ্গে মনতোষের শত্রুতা ছিল না। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ খালেক গতকাল সন্ধ্যায় বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।