সিলেট নগরের রায়নগরে জালালাবাদ গ্যাস কোয়ার্টারে নিজ বাসা থেকে সকালে মোটরসাইকেল চালিয়ে মেন্দিবাগ এলাকায় গ্যাস ভবনে যাচ্ছিলেন জালালাবাদ গ্যাসের সিবিএর নবনির্বাচিত সভাপতি আবু তাহের (৫০)। ঝরনারপাড় দিয়ে যাওয়ার পথে আক্রান্ত হন তিনি। মোটরসাইকেলে বসা অবস্থায় দুর্বৃত্তরা তাঁর গলায় ছুরি চালিয়ে হত্যা করে।২০১০ সালের ১০ জুন প্রকাশ্যে সেই নৃশংস খুনের দুই বছরেও উদ্ঘাটন হয়নি হত্যারহস্য। খুনি চিহ্নিত হয়নি, খুনের কারণও উদ্ঘাটিত হয়নি। এই অবস্থায় তাহের হত্যার দুই বছর উদ্যাপনে নৃশংস সেই খুনের বিচারের দাবি ভুলে তাঁরই গড়া জালালাবাদ গ্যাসের সিবিএ আয়োজন করেছে শুধু সঞ্চরণসভার। নিহত আবু তাহেরকে ‘মরহুম’ বলে অভিহিত করে ওই দিন সঞ্চরণসভা ও মিলাদ মাহফিল আয়োজন করার কর্মসূচি পোস্টারের মাধ্যমে প্রচার করা হচ্ছে।সিবিএর পোস্টারে আবু তাহের নিহত হওয়ার ঘটনার কোনো উল্লেখ নেই। নৃশংস খুনের শিকার তাহেরকে রীতিমতো স্বাভাবিক মৃত্যুর মতো করে প্রচার চালিয়ে সঞ্চরণ করার আয়োজনে তাঁর সহকর্মীসহ খোদ সিবিএর অভ্যন্তরে ক্ষোভ দেখা দিয়েছে। তাহের খুনের তিন দিনের মাথায় তাঁর বড় সন্তান আফরোজা জাহান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে পদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনার তদন্ত সমন্বয় করেও যখন খুনি শনাক্ত হচ্ছিল না, তখন গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তে নামে।জালালাবাদ গ্যাসের একটি সূত্র জানায়, সিআইডির তদন্ত চলাকালীন এই সময়ে ঘটনার দুই বছর পূর্তি হচ্ছে। এই অবস্থায় সিবিএর বর্তমান নেতৃত্ব আরও জোরালোভাবে খুনির বিচারের দাবিতে সোচ্চার হওয়ার কথা থাকলেও বাস্তবে সবার মধ্যে একধরনের ভীতি দেখা দিয়েছে। অজানা এই ভীতি থেকে ১০ জুন তাহেরের খুনের দুই বছর উদ্যাপনে সিবিএর কর্মসূচির মধ্যে খুনি গ্রেপ্তার কিংবা বিচার চাওয়ার দাবি পর্যন্ত উচ্চারিত হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক তাহেরের একজন সহকর্মী বলেন, ‘পোস্টারে যেভাবে তাহেরকে উপস্থাপন করা হয়েছে, তাতে একবারও মনে হয় না তিনি নৃশংসভাবে খুন হয়েছেন। বরং পোস্টার দেখলে যে কেউ ভাববে তাহেরের স্বাভাবিক মৃত্যুর পর এসব কর্মসূচি হচ্ছে।’ নৃশংস খুন হওয়া ব্যক্তিকে ‘মরহুম’ বলে প্রচার দেওয়া হচ্ছে কেন?জানতে চাইলে জালালাবাদ গ্যাসের সিবিএর সাধারণ সম্পাদক মো. শামছুল হক প্রথম আলোকে বলেন, ‘মূলত তাঁকে (তাহের) সঞ্চরণ করে কর্মসূচি নেওয়া হয়েছে। এ জন্য পোস্টার বা প্রচারণায় ওইভাবেই তাঁকে উল্লেখ করা হয়। তার মানে আমরা তাহের ভাইয়ের খুনের বিচার চাই না, তা কিন্তু নয়। আমরা মনেপ্রাণে চাই, তাহের ভাইয়ের খুনিরা চিহ্নিত হোক এবং যথাযথ বিচার হোক। এ জন্য আমরাও সব সময় সোচ্চার আছি।’নতুন করে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সিআইডির এএসপি শামীমুর রহমান পীর প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি কিছুটা জটিল আকার ধারণ করেছে। এ কারণে ধীরগতির কৌশলে তদন্ত চলছে। তদন্তে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি, এগুলোকে সামনে রেখে তদন্ত চলছে। খুনের কারণ ও খুনি—দুটোই বের করার চেষ্টা চলছে।’