নৃশংসতা ও গণহত্যার প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা ও গণহত্যার প্রমাণ পাওয়া গেছে।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা গত দুই দিনে এ দুটি উপজেলার বিভিন্ন বধ্যভূমি, গণকবর, নির্যাতনকেন্দ্র ও স্মৃতিসৌধ পরিদর্শন এবং সাক্ষীদের সঙ্গে কথা বলে এই প্রমাণ পেয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্ত দল গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের নরিয়া গণহত্যার স্থান পরিদর্শন করে। ১৯৭১ সালের ২৫ বৈশাখ পাকিস্তানি সেনাবাহিনী নরিয়া গ্রামের ২৬ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। ঘরের ভেতর আটকে আগুনে পুড়ে মারে দুজনকে। পরে তাঁদের সবাইকে মাটিচাপা দেওয়া হয়।পরে তদন্ত দলটি যায় শহরের শাহ মোস্তফা সড়কের বেরি লেকের পাড়ে সাত শহীদের গণকবর পরিদর্শনে। ১৯৭১ সালের ২৭ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী শহরের সৈয়ারপুর এলাকার একটি ইটখোলার ছয় শ্রমিকসহ সাতজনকে হত্যা করে। তাঁদের এখানে এনে গণকবর দেওয়া হয়। সেখান থেকে তদন্ত দলটি মনু নদীর সেতুর কাছে স্মৃতিসৌধ পরিদর্শনে যায়। ১৯৭১ সালের ১৩ মে স্থানীয় দালালদের সহযোগিতায় দুই প্রবাসীকে আটক করে এই সেতুর ওপর নিয়ে গুলি করে হত্যা করা হয়। তাঁদের লাশ নদীর স্রোতে ভেসে যায়।মনু নদীর সেতু থেকে তদন্ত দলটি যায় শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রে (পিটিআই)। এটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ও নির্যাতনকেন্দ্র। এখানে বাংকার নির্মাণ করে জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালাত পাকিস্তানি হানাদার বাহিনী।জানতে চাইলে তদন্ত দলের অন্যতম সদস্য মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘নরিয়ায় লাইনে দাঁড় করিয়ে ২৬ জনকে হত্যা করা হয়েছিল। এই লাইন থেকে যাঁরা দৌড়ে পালিয়ে বেঁচেছিলেন, তাঁদের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে।’এর আগে তদন্ত দলটি সোমবার বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া বধ্যভূমিতে যায়। এখানে তাঁরা তিনজনের সাক্ষ্য নেন। সাক্ষীরা জানান, ১৯৭১ সালের ১ মে দুপুরে ৫৪ জন চা-শ্রমিককে ভাড়াউড়া চা-বাগান থেকে ধরে এনে এখানে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে হত্যা করে। বিকেলে অন্য শ্রমিকদের দিয়ে গর্ত খুঁড়ে সেখানে নিহত ব্যক্তিদের গণকবর দেওয়া হয়।তদন্ত দল পরে স্থানীয় সাধুবাবার গাছ তলা বধ্যভূমি পরিদর্শনে যায়। সেখানে দুজনের সাক্ষ্য নেওয়া হয়। তাঁরা জানান, ১৯৭১ সালের ২৮ এপ্রিল থেকে পুরো যুদ্ধকালীন পাকিস্তানি সেনাবাহিনী শত শত মানুষকে স্থানীয় ‘লেবার ওয়েলফেয়ার’ ভবনে নিয়ে নির্যাতন চালাত। পরে নির্যাতিত ব্যক্তিদের সাধুবাবার গাছ তলায় এনে গুলি করে হত্যা করা হয়। তদন্ত দলের পরিদর্শক শ্যামল চৌধুরী জানান, শ্রীমঙ্গলে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁদের একজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তিনি ভাড়াউড়া বধ্যভূমিতে গুলিবিদ্ধ হয়েও বেঁচে গিয়েছিলেন।